হংকং বিক্ষোভে ব্যবহৃত অ্যাপ সরালো অ্যাপল

১৩ অক্টোবর, ২০১৯ ১৪:৪৫  
হংকং এর বিক্ষোভকারীরা পুলিশের গতিবিধি বুঝেই বিক্ষোভে অংশ নিতেন। দাঙ্গা পুলিশ বাহিনী তেড়ে আসছে বুঝতে পেরে সেখান থেকে সরে পড়তেন বিক্ষোভকারীরা। আর একটি অ্যাপ ব্যবহার করে তারা পুলিশের অবস্থান সম্পর্কে জানতেন। তবে বৃহস্পতিবার (১০ অক্টোবর) এইচকেলাইভম্যাপ লাইভ নামের অ্যাপটি সরিয়ে নিয়েছে অ্যাপল। অ্যাপ স্টোরে এটি দেখে তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে আপত্তি জানায় চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম। এরপর সাময়িকভাবে অ্যাপটি স্টোর থেকে সরিয়ে ফেলা হয়। এ বিষয়ে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল জানায়, হংকংয়ের বেশ কয়েকজন ভোক্তা এই অ্যাপটির বিষয়ে সতর্ক করায় আমরা এটিকে সরিয়ে নিয়েছি। হংকং সাইবার সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি ক্রাইম ব্যুরোর সঙ্গে সমন্বয় করে আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, এটি পুলিশকে টার্গেট করা এবং আকস্মিক হামলার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছিল। অ্যাপল অনুমোদন না দিলেও গুগল প্লে স্টোরে আগে থেকেই রয়েছে এইচকেলাইভ। কিন্তু অ্যাপ স্টোরে এটি নজরে আসায় সমালোচনা করে চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র খ্যাত গণমাধ্যম পিপলস ডেইলি। তারা জানায়, বিক্ষোভকারীদের আরও সহিংস হতে সাহায্য করছে অ্যাপল। ডিজি/এনএস